
নরসিংদী প্রতিনিধি,
নরসিংদীর শিবপুরে দীর্ঘদিনের ময়লা-আবর্জনার ভাগাড় এখন রূপ নিয়েছে ফুল,ফল ও ঔষধি গাছের আকর্ষণীয় বাগানে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের উদ্যোগে এবং সাবেক পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু.আব্দুর রহিমের যৌথ বাস্তবায়নে বদলে গেছে শিবপুরের বানিয়াদি ডিসি রোডের মোড়ের চিত্র।
কয়েক বছর ধরে ওই গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে পৌরসভার ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকায় স্থানীয় বাসিন্দা,পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা চরম দুর্ভোগে ছিলেন। দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যঝুঁকির কারণে স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলেও ভোগান্তি সৃষ্টি হতো।
দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবিতে স্থানীয়দের অভিযোগ ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতে ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে ফুল,ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বর্তমানে যেখানে একসময় ছিল দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপ, সেখানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির সবুজ গাছপালা।
সরেজমিনে দেখা যায়, বাগানটি ওই এলাকার পরিবেশকে বদলে দিয়েছে। দুর্গন্ধ ও আবর্জনার পরিবর্তে এখন সৃষ্টি হয়েছে পরিচ্ছন্ন, মনোরম ও পরিবেশবান্ধব পরিবেশ। ব্যতিক্রমী এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়দের মতে,শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন দীর্ঘদিনের জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। ময়লার ভাগাড় অপসারণ করে বাগান তৈরির এ উদ্যোগ জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তাদের ভাষ্য, একজন সরকারি কর্মকর্তার সদিচ্ছা, আন্তরিকতা,দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে একটি এলাকার চিত্র কতটা বদলে দেওয়া সম্ভব, শিবপুরের এই উদ্যোগ তার বাস্তব উদাহরণ।
এ উদ্যোগের মাধ্যমে শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি নয়, স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার সচেতনতাও তৈরি হবে বলে মনে করছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, বাগানটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা হলে ভবিষ্যতে এটি শিবপুরের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করতে পারে।
শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের এ উদ্যোগ প্রমাণ করে, সদিচ্ছা ও আন্তরিক নেতৃত্ব থাকলে ছোট একটি উদ্যোগও বদলে দিতে পারে পুরো এলাকার চিত্র।
All rights reserved © 2019
Leave a Reply