
মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চীফ:
নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির‘ক’জোনের পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
এ সময় ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত সিরাজুল হোসেনের ছেলে গোলাম রাব্বি (২৮),একই এলাকার মোঃ বকুল হোসেনের ছেলে মোঃ ইয়ন (২২) এবং কদমরসুল এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে শিপন (২৪)।
অন্যদিকে,ডিবি পুলিশের পৃথক অভিযানে ফতুল্লা থানাধীন চাষাঢ়া রেলক্রসিং-সংলগ্ন পাকা রাস্তা থেকে ১০ কেজি গাঁজাসহ দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ফতুল্লা থানার মাওরা পট্টি এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী,অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এ ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলাজুড়ে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply