
ব্যুরো চিফ:মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী,১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার দুই আসামি,অন্যান্য ধারায় পাঁচজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদকসেবী, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
সোনারগাঁয়ে ২২ জন গ্রেপ্তার
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১১১ পিস ইয়াবাসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১৭ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ১৫
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদকসেবী ১০ জন,ওয়ারেন্টভুক্ত দুই আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
বন্দর ও রূপগঞ্জে গ্রেপ্তার ২৪
বন্দর থানা পুলিশের অভিযানে মাদকসেবী নয়জন, ওয়ারেন্টভুক্ত একজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে,রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসেবী একজন, ওয়ারেন্টভুক্ত সাতজন,অন্যান্য ধারায় একজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
সদর ও আড়াইহাজারে গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ মাদক সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধ দমনের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply