
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধ এবং বন্দর রক্ষার দাবিতে আগামী ৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে বন্দরের প্রধান ফটকে এ অবস্থান কর্মসূচি সফল করার জন্য শ্রমিক, ট্রেড ইউনিয়নসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন,চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে তারা মনে করেন। একই সঙ্গে বন্দরের স্বার্থ ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।
এ সময় বক্তব্য দেন বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ শ্রমিক ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা, শ্রমিকদের অধিকার ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করা প্রয়োজন।
সভা থেকে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে আয়োজিত দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে শ্রমিক, ট্রেড ইউনিয়ন, জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়নসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
All rights reserved © 2019
Leave a Reply