
বিশেষ প্রতিনিধি:
ঢাকার ঢাকা-৫ নির্বাচনি এলাকার যাত্রাবাড়ী,ডেমরা ও কদমতলীর একাংশে চাঁদাবাজি,মাদক কারবার,জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি,বিভিন্ন পরিবহন,লেগুনা স্ট্যান্ড, মার্কেট ও ফুটপাত থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে।
গত ৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় দুই লাখ টাকা চাঁদাবাজির বিরোধে অটোরিকশা গ্যারেজের মালিক সাগর খান ওরফে ইমরান গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা করলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
এর আগে ২৮ আগস্ট ডেমরার সারুলিয়ায় বিএনপি নেতা রেজা চৌধুরী সেলিমের বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রের অভিযোগ,যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড,বিভিন্ন পরিবহন,লেগুনা স্ট্যান্ড,ফুটপাত ও মার্কেট থেকে এককালীন ও দৈনিক ভিত্তিতে বিপুল অর্থ আদায় করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে মাদক কারবার ও জমি দখল নিয়েও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এদিকে এসব অভিযোগে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের কথাও উঠে এসেছে। তবে বিএনপি নেতা নবী উল্লাহ নবী তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন,মাদক কারবারে মাসোহারা নেওয়ার তথ্য পুলিশের কাছে নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। স্থানীয়দের দাবি,চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা জরুরি।
All rights reserved © 2019
Leave a Reply