
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী জেলা কারাগারে বন্দীদের বিনোদন,মানসিক বিকাশ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় বন্দীদের জন্য টেলিভিশন,বাদ্যযন্ত্র ও সেলাই মেশিনসহ কারাগারে থাকা শিশুদের জন্য খেলনা সামগ্রী দেওয়া হয়।
রবিবার (৩০ আগস্ট) নরসিংদী জেলা কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে বন্দীদের জন্য চারটি টেলিভিশন,হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়। এছাড়া নারী বন্দীদের স্বাবলম্বী ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। কারাগারে অবস্থানরত শিশুদের জন্যও বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী বিতরণ করা হয়।
উপকরণ বিতরণের সময় বন্দীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিনোদন ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ তৈরি হওয়ায় তারা আনন্দ প্রকাশ করেন। জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারাগার প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম.সাজ্জাদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এবং নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো.তারেক কামাল।
এ সময় কারাগারের প্রফেশন অফিসার,সহকারী সার্জন, জেলার হুমায়ুন কবির,ডেপুটি জেলারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আধুনিক কারা ব্যবস্থাপনার লক্ষ্য শুধু অপরাধীদের শাস্তি প্রদান নয়,বরং তাদের সংশোধন, মানসিক বিকাশ,দক্ষতা উন্নয়ন এবং সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তোলা।
তারা আরও বলেন,এ ধরনের উদ্যোগ বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন,সৃজনশীলতা বৃদ্ধি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
All rights reserved © 2019
Leave a Reply