
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পানি সরবরাহ ব্যবস্থার কারিগরি ত্রুটি দ্রুত সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা.এ এফ এম মুশিউর রহমান। তিনি আশা প্রকাশ করেছেন,আগামী দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।
মঙ্গলবার (১৬ জুন) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান,ওভারহেড ট্যাংকে পানি সরবরাহ ব্যবস্থায় দুটি ওয়াটার পাম্পের উচ্চতার পার্থক্যের কারণে এক পাশে পর্যাপ্ত পানি গেলেও অন্য পাশে পানি পৌঁছাতে সমস্যা হচ্ছে।
তিনি বলেন,বিষয়টি ইতোমধ্যে গণপূর্ত বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে।
এ সময় তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কেও কথা বলেন। দীর্ঘদিনের অব্যবহৃত ও অপ্রয়োজনীয় মালামাল অপসারণের কাজ সম্পন্ন হয়েছে এবং রোগীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।
সিভিল সার্জন জানান,ভিক্টোরিয়া হাসপাতালকে আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ চলমান রয়েছে। সম্প্রতি এখান থেকে দেশের ১০টি জেলার আইসিইউ সেবার উদ্বোধন করা হয়েছে, যা জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, পানি সরবরাহ সমস্যার দ্রুত সমাধান হলে হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং রোগীদের ভোগান্তি কমবে।
All rights reserved © 2019
Leave a Reply