
নিজস্ব প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধের অভিযোগ,ভুক্তভোগী পরিবারের দাবি—হুমকি ও চাঁদা দাবির ঘটনাও ঘটেছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামে সৌদি আরব প্রবাসী মো. নাছির শেখের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এতে প্রবাসীর পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে নাছির শেখের পরিবারসহ এলাকার কয়েকজন বাসিন্দা বাড়িতে যাতায়াত করে আসছিলেন। তবে সম্প্রতি পাশের জমির মালিকানা দাবি করে প্রতিবেশী মো. ফজলু শেখ রাস্তার ওপর বাঁশ ও টিনের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে ওই পরিবারের সদস্যদের বাড়িতে প্রবেশ ও বের হতে চরম সমস্যার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের তথ্যমতে, সৌদি আরব প্রবাসী মো. নাছির শেখের ভাই মৃত আবু বক্কার শেখ ১৯৯৪ সালে সদাশিবপুর মৌজার ২৩৫, ২৩৬ ও ২৩৭ নম্বর দাগের মোট ১০.২৫ শতাংশ জমি প্রতিবেশী মৃত আবু সাত্তার শেখের কাছ থেকে দলিলের মাধ্যমে ক্রয় করেন। এরপর থেকে নাছির গং ওই জমি ভোগদখল করে আসছেন এবং সেই জমির ওপর দিয়েই তাদের যাতায়াতের রাস্তা রয়েছে।
তবে সম্প্রতি স্থানীয় ছত্তার মেম্বারের ভাই ফজলু শেখ এবং তার ছেলে সোহাগ শেখ প্রভাব খাটিয়ে ওই রাস্তার ওপর বাঁশ ও টিনের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নাছির শেখের স্ত্রী জানান, তার স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তানদের পড়ালেখার সুবিধার্থে রাজবাড়ী শহরে থাকেন এবং মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসেন। পরিবারের সদস্যরা আলাদা আলাদা ঘর করে বসবাস করছেন। নতুন করে বাড়ি নির্মাণের জন্য সম্প্রতি ফজলু শেখের বাড়ির পাশের জমিতে মাটি ভরাট করা হয়। এরপর হঠাৎ করেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের পর ফজলু শেখের ছেলে সোহাগ শেখ তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। তিনি বলেন, “তাদের প্রার্থী এমপি হয়েছে, তাই পিকনিক করার জন্য টাকা দিতে হবে।” টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের এলাকায় বসবাস করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। পরে রাস্তা বন্ধ করে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। এমনকি তিনি বাড়িতে এলে তার সন্তানদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফজলু শেখ বলেন, “যে জায়গা দিয়ে রাস্তা করা হয়েছে সেটি আমার নিজস্ব জমির মধ্যে পড়ে। তাই আমি আমার জমি ঘিরে দিয়েছি।” এতদিন রাস্তা বন্ধ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখন তারা নতুন করে বাড়ি করবে। এখন বন্ধ না করলে ভবিষ্যতে জমি ফিরে পাওয়া কঠিন হয়ে যাবে।”
তার ছেলে টাকা দাবি করেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পিকনিকের জন্য অনেকের কাছেই টাকা চাওয়া হয়েছে, তবে এটি চাঁদাবাজি নয়।”
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, চলাচলের রাস্তা বন্ধের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তি হয়ে প্রবাসীর পরিবারের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা দ্রুত নিশ্চিত হবে।
Leave a Reply