
বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডিজিটাল ওজন মেশিন উদ্ধার, মামলা দায়ের।
সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫.৩০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (০১ মার্চ) সকাল ৮টার দিকে ভোলাহাট থানাধীন বটতলা (আলীর মোড়) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ভোলাহাট থানার অন্তর্গত মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মতিউর রহমান (৩০)কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য) গ্রাম হেরোইন এবং মাদক পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মেশিন উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানানো হয়,সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে,মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জসহ সীমান্তবর্তী এলাকায় অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply