
নিউজ ডেস্ক:
মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। শ্রীনগর–সিরাজদিখান, টঙ্গিবাড়ী–লৌহজং এবং সদর–গজারিয়া—তিন এলাকাতেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) আসনে ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দিন আল রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট।
মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী–লৌহজং) আসনে ১ লাখ ২৪ হাজার ১৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।
মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।
স্থানীয় সূত্র বলছে, তিনটি আসনেই ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে সমর্থকদের আনন্দ মিছিল দেখা গেছে।
Leave a Reply