
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তির সৃষ্টি হয়।

সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ‘লারিজ ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধে অংশ নেন।
শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানান, রোববার (২ নভেম্বর) রাতে কারখানায় কাজ করার সময় রিনা (৩০) নামে এক নারী সুইং মেশিন অপারেটর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সহকর্মীরা তাকে স্থানীয় ঈশা খা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিনা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলাল মিয়ার মেয়ে বলে জানা গেছে।
এ ঘটনায় সহকর্মী শ্রমিকরা অভিযোগ করেন, অসুস্থ হওয়ার পরও কর্তৃপক্ষ তাকে ছুটি না দেওয়ায় সময়মতো চিকিৎসা পাওয়া সম্ভব হয়নি। এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করে তারা। একই সঙ্গে মালিকপক্ষের কর্মকর্তাদের গ্রেফতারের দাবিতে তারা আন্দোলনে নামেন।
এ বিষয়ে‘লারিজ ফ্যাশন’-এর সিইও শিমুল জানান,
আমাদের শ্রমিক অসুস্থ হয়ে পড়ার পরই দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আমাদের কোনো গাফিলতি ছিল না। কোম্পানি থেকেই সব দায়িত্ব পালন করা হয়েছে। শ্রমিকদের দাবি অনুযায়ী ফ্লোর ইনচার্জদের চাকরিচ্যুত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
অবরোধের বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন,
সহকর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে শিল্প পুলিশ,র্যাব,সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় বেলা সোয়া ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply