
নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে ভারতীয় নাগরিক মহিদুল মন্ডল (২৭) আটক। ১০ জুলাই বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ। মহিদুল মন্ডল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, মহিদুল মন্ডল ভারতে ভাঙ্গারি ব্যবসার কাজ করতেন, কিন্তু কিছুদিন আগে এক বাংলাদেশির প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসেন। দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করেন, তখন তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মহিদুল মন্ডলকে থানায় নিয়ে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানায়, তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply