
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা.নাজমুল হাসান বিপুল। নতুন দায়িত্ব গ্রহণের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি কাজী নাঈম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ডা.নাজমুল হাসান বিপুল আনুষ্ঠানিকভাবে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও পদে দায়িত্ব নেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত আরএমওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাজী নাঈম। এ সময় তিনি ফুলের তোড়া দিয়ে ডা.নাজমুল হাসান বিপুলকে শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সেবার মান এবং সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
কাজী নাঈম বলেন,ডা.নাজমুল হাসান বিপুল একজন দক্ষ ও মানবিক চিকিৎসক। ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের গুরুত্বপূর্ণ দায়িত্বে তার নিয়োগের মধ্য দিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন,নারায়ণগঞ্জের সাধারণ ও অসহায় মানুষ যেন সহজে,স্বল্প সময়ে এবং হয়রানিমুক্ত পরিবেশে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান—এ বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন। হাসপাতালের সেবার মান উন্নয়নে নবনিযুক্ত আরএমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
কাজী নাঈম বলেন,সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের ইতিবাচক উদ্যোগের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজনরা ডা.নাজমুল হাসান বিপুলকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।
All rights reserved © 2019
Leave a Reply