
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ ও কালোবাজারির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার নিয়ন্ত্রণাধীন তিনটি গুদাম থেকে ৬০০ বস্তা সার উদ্ধার করা হয়।
সোমবার (২৪ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নূর এ আলম নামের এক ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন তিনটি গুদামে বিপুল পরিমাণ সার পাওয়া যায়। তবে তিনি সার ক্রয়ের কোনো বৈধ রশিদ বা ভাউচার দেখাতে পারেননি।
পরে সার (ব্যবস্থাপনা) আইন,২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজা কার্যকরের জন্য তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
একই অভিযানে শ্যামল চন্দ্র সাহা নামের আরও এক ব্যবসায়ীকে একই ধরনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত মজুদকৃত সার সরকারি মূল্যে ক্রয়ের জন্য সংশ্লিষ্ট বিএডিসি সার ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে,জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং অবৈধ সার মজুদ ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply