
কুমিল্লা প্রতিনিধি:
ফিড ও ওষুধের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ এবং ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন করেছেন পোল্ট্রি ব্যবসায়ী ও প্রান্তিক খামারিরা।
বুধবার (৮ জুলাই) বুড়িচং প্রেস ক্লাবের সামনে বুড়িচং পোল্ট্রি অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সভাপতি মো.রফিকুল ইসলাম।
মানববন্ধনে অংশগ্রহণকারী খামারিরা বলেন,ফিড,
বাচ্চা ও ওষুধের দাম ধারাবাহিকভাবে বাড়লেও বাজারে ডিম ও মুরগির বিক্রয়মূল্য উৎপাদন ব্যয়ের তুলনায় অনেক কম। ফলে অধিকাংশ খামারি লোকসান গুনছেন এবং অনেকেই খামার বন্ধ করার কথা ভাবছেন।
তারা অভিযোগ করেন,বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কারণে প্রকৃত খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি চলতে থাকলে দেশের পোল্ট্রি শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
খামারিদের দাবির মধ্যে রয়েছে—পোল্ট্রি খাদ্য ও ওষুধের মূল্য নিয়ন্ত্রণ,ডিম ও মুরগির ন্যায্যমূল্য নিশ্চিত করা,বাজারে সিন্ডিকেট ভেঙে দেওয়া,সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং সরকারি প্রণোদনা বৃদ্ধি।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন এবং এর একটি অনুলিপি বুড়িচং প্রেস ক্লাবের সভাপতির কাছেও প্রদান করেন।
All rights reserved © 2019
Leave a Reply