
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্তের ভয়ঙ্কর হামলা ও তাণ্ডবের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে,২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি বাড়িতে হামলার চেষ্টা চালায়, ব্যাপক ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী মোঃ নাসির (৩৪),পিতা-আব্দুল হেকিম,সাইনবোর্ড এলাকার শান্তিধারা ১ নম্বর রোডের বাসিন্দা। তিনি ফতুল্লা মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির সামনে এসে তাকে ও পরিবারের সদস্যদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।
অভিযোগে আরও বলা হয়,ঘরে ঢুকতে ব্যর্থ হয়ে হামলাকারীরা বাড়ির গেট ও জানালায় ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া বাড়ির সামনে থাকা পরিবারের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে আরও প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়।
নাসির জানান, হামলার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা চলে যাওয়ার আগে পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে যায়।
তিনি অভিযোগ করেন,ঘটনার পর হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর ভাষ্য,ঘটনার পর থেকে আমরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। যেকোনো সময় তারা আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছি।
এ ঘটনায় তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগের বিষয়ে ফতুল্লা মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে,লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved © 2019
Leave a Reply