ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ জন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের শিমুলপাড়া ও সোনামিয়া মার্কেট এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক ১৩ জনের মধ্যে ৩ জনকে ৩০ দিন, ৩ জনকে ২০ দিন এবং ৭ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত ১৩ জন
সাজাপ্রাপ্তরা হলেন— ওয়াসিম (২৪),রায়হান (২২),ফারাবী আহম্মেদ রাকিব (২২), ফজর আলী (৬২),অপি (২৪), সোহেল (২৩),মিজান মিয়া (৪৬),ফরিদ (৪৫), মিজান (৪৫), মো.হাসেম (৩৮),মো. আল আমিন (২৮), মো. জীবন (২৪) ও আনামত হোসেন (৩৫)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসেবনসহ মাদক সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে মাদকসেবী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও পুলিশ জানিয়েছে।