ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’এবং খেলাধুলায় গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সদর-৪ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.কামরুল হাসান মিলন এমপি,ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহবুবুল আলম এবং সদস্য এনামুল আকন্দ লিটন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো.সাইফুর রহমান।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জমজমাট ও উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক দর্শক উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা সদর ও গৌরীপুর উপজেলা দল।
আগামী ৪ সেপ্টেম্বর ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।