নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ১৭৯টি বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান চলছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে নারায়ণগঞ্জের কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও উপজেলা প্রশাসন,নারায়ণগঞ্জ সদর যৌথভাবে এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.রায়হান কবির এবং সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,উন্নত সমাজ গঠনে ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ তৈরি করাও জরুরি। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন জানান, সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
বক্তারা বলেন,ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।