নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
সরকারবিরোধী মিছিলের পরিকল্পনার অভিযোগে অভিযান,এজাহারভুক্ত ১৮ জনসহ অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিষিদ্ধ সংগঠনকে সক্রিয় করার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়,গত ২২ জুলাই সকাল ৮টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টসের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন,২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় রুজু করা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মাসুদ মিয়া (২৮),মাদানীনগর এলাকার বাসিন্দা এবং রাহুল (২৫),নূরবাগ এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রাহুল ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশের দাবি,মাসুদ মিয়াকে ২৩ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে নিমাইকাশাড়ি মাদানীনগর এলাকা থেকে এবং রাহুলকে একই দিন রাত ৮টা ২০ মিনিটে বাগমারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।