প্রতিবেদক:
অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজউদ্দিনের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে শুরু হয়েছে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশন ও মনিটরিং কার্যক্রম।
সোমবার (১৩ জুলাই) সদর উপজেলার সব ইউনিয়ন পরিষদকে জরুরি নির্দেশনা দিয়ে জলাবদ্ধ এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। নির্দেশনার পর চেয়ারম্যান ও সদস্যরা স্থানীয় স্বেচ্ছাসেবক এবং পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে মাঠে নেমেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,প্রতিটি ইউনিয়নে মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং নালা-নর্দমা ও খালের মুখে জমে থাকা আবর্জনা অপসারণে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
ইউএনও এস এম ফয়েজউদ্দিন বলেন,মানুষের দুর্ভোগ কমানোই আমাদের প্রধান লক্ষ্য। কোথাও জলাবদ্ধতার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, দ্রুত পানি নিষ্কাশন হলে চলাচল, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হবে।