প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়,নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী কঠোর অবস্থানের ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে আটি হাউজিং এলাকার বিসমিল্লাহ টাওয়ার সংলগ্ন সড়কে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো.হাফিজ শেখ (২২)। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃত হাফিজের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে,যা বর্তমানে বিচারাধীন। ফলে তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে কি না,সে বিষয়েও তদন্ত চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার কর্মকর্তারা জানান,মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের এই অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।