নিজস্ব প্রতিবেদক:মোঃ হ্যাপি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাম গাঁজা, একটি গাঁজার গাছ এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো.রফিক,বিপিএম-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১১ জুন রাত ৮টা ১৫ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মিস্ত্রিবাগ এলাকার একটি বসতবাড়ি থেকে মো. মিলন গাজী (৩০) ও মো.জামান খান (৪৩)-কে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া গ্রেপ্তারকৃত মিনু বেগম (৪৫) এবং পলাতক হালিম ওরফে ডিব্বা হালিমের বসতবাড়ির পেছন থেকে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘরের ভেতর থেকে ভারত,পাকিস্তান,কুয়েত,জর্ডান,যুক্তরাষ্ট্র,তুরস্ক, মালয়েশিয়া,বাহরাইন,সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ মুদ্রা জব্দ করা হয়।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে,মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।