ঢাকা প্রতিনিধি:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা এখন থেকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট ও নন-ইমিগ্রান্ট ভিসা প্রক্রিয়াকরণে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ইমিগ্রেশন ও বিনিয়োগবিষয়ক আইন প্রতিষ্ঠান রাজু ল’র সঙ্গে ডিআরইউ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
গত ৯ জুন অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং রাজু ল’ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার সমীর বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী,ডিআরইউ সদস্যরা ইবি-১,ইবি-৩,ফ্যামিলি পিটিশনসহ বিভিন্ন ধরনের যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট ভিসা সেবা গ্রহণে রাজু ল’র সার্ভিস ফি থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন। এছাড়া বি-১/বি-২ বা টুরিস্ট ভিসা প্রসেসিং সেবার ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকবে।
ডিআরইউ সদস্যরা সংগঠনের পরিচয়পত্র অথবা ওয়েবসাইটে নাম থাকার প্রমাণ এবং নিজ নিজ গণমাধ্যমের পরিচয়পত্র প্রদর্শন করে রাজু ল’র দেশ-বিদেশের যেকোনো শাখা থেকে এ সুবিধা নিতে পারবেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন,সাংবাদিকদের কল্যাণে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তি সম্পাদিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন,যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা পেশাগত প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে সদস্যরা এ সুবিধার মাধ্যমে উপকৃত হবেন।