নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারনামীয় আসামি মোঃ রাজু (৩৬)-কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার (৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের চিটাগাং রোড এলাকায় দিগন্ত বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মামলার অন্যতম আসামি মোঃ রাজুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজু সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম সিকিম আলী ওরফে জমিম এবং মাতার নাম রহিমা বেগম।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২৩ আগস্ট ২০২৪ তারিখে সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দায়ের হওয়া এফআইআর নং-১৯ মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
এছাড়া পুলিশের অপরাধ তথ্যভান্ডার (CDMS) ও প্রাথমিক রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে,রাজুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানায় মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে মোট ৬টি নিয়মিত মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।