প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক।
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো রবিবার । ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার বিকেল ৩টায় শুরু হয়েছে । এ অধিবেশনের মধ্য দিয়েই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও পর্যালোচনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। প্রাথমিক তথ্য অনুযায়ী,বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা হতে পারে।
সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এছাড়া বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতির প্রস্তাব রাখা হতে পারে।
উন্নয়ন ব্যয় বাড়ানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। যা আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সংশ্লিষ্টরা মনে করছেন,বিনিয়োগ বৃদ্ধি,কর্মসংস্থান সম্প্রসারণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়নের ওপর এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।