প্রতিবেদক: নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক ওজন ১৫০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাসের নেতৃত্বে ডিবির একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মেসার্স একতা ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরে তার হেফাজত থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে,উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে,মাদক ব্যবসা, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নারায়ণগঞ্জে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে চলমান‘জিরো টলারেন্স’নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।