মোহাম্মদ হোসেন হ্যাপী | নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং পুলিশ ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। শনিবার নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন। তিনি বক্তব্যে বিচারপ্রার্থীদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আইনানুগভাবে দ্রুততম সময়ের মধ্যে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ত্রুটিমুক্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন।
সভায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অধিকসংখ্যক মামলা নিষ্পত্তি, আসামি গ্রেফতার, সাক্ষী উপস্থিতি নিশ্চিতকরণ এবং ফৌজদারি মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে চলমান বিচারিক কার্যক্রম,মামলার তদন্ত ও দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল,বিচারপ্রার্থীদের সেবার মানোন্নয়ন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবার মান উন্নয়নে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বক্তারা বলেন, বিচার ব্যবস্থার দক্ষতা,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। নিয়মিত এ ধরনের সমন্বয় সভা বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.নুর মহসিন,এম সাইফুল ইসলাম,সেলিনা খাতুন, মো.তামজিদ আহমেদ,মাইমুনাহ আক্তার মনি, এইচ এম ইয়াসির আরাফাত, নুসরাত মোস্তারী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী,অতিরিক্ত পুলিশ সুপার মো.আরিফুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান,পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.আবুল কালাম আজাদ জাকির,অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিনসহ বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও আইনজীবী সমাজের প্রতিনিধিরা।
এসময় মামলার জট নিরসনে আদালত সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে উপস্থাপনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ। অন্যদিকে সমন জারি,গ্রেফতারি পরোয়ানা, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা তামিলের কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম।
সভা শেষে বিচার বিভাগের বিভিন্ন নির্দেশনা ও সুপারিশ বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়।অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন,পুলিশ ও বিচার বিভাগের সমন্বিত উদ্যোগে নারায়ণগঞ্জে বিচারিক সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার লাভে উপকৃত হবে।