নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ হ্যাপি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার এক আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রবিবার (৩১ মে ২০২৬) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে মো.জসিম গাজী (৪২) নামের ওই আসামিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দুপুর ২টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জসিম গাজী রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা। তিনি অতীতে শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,আইনের আওতায় এনে সকল মামলার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।