নিজস্ব প্রতিবেদক:গাজীপুর।
গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভাওরাইদ এলাকায় অভিযান চালিয়ে ২টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানায়,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার-এর নেতৃত্বে গত ২৮ মে ২০২৬ তারিখে সদর থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় ফোর্স বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন।
অভিযানটি পরিচালিত হয় জিএমপি সদর থানার ভাওরাইদ চৌরাস্তা থেকে পূর্ব দিকে প্রায় ২০০ মিটার সামনে পোড়াবাড়ী র্যাব ক্যাম্পমুখী সড়কে। এসময় সন্দেহভাজন দুইটি প্রাইভেটকার তল্লাশি করে ২টি লোহার তৈরি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন,৬ রাউন্ড তাজা গুলি,১ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা এবং একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাহাবুর হাসান বাঁধা (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়,জব্দকৃত যানবাহনের মধ্যে রয়েছে একটি সিলভার রঙের প্রো-বক্স প্রাইভেটকার ও একটি সাদা রঙের এলিয়ন প্রাইভেটকার।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়,মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ অস্ত্র উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।