প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়া পাড়া এবং কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই মো. মামনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন,সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান মুরাদ (২৫),মাহমুদুল হাসান হিমেল (২৯),নুর হোসেন (৪০),শফিকুল ইসলাম (৪৮) এবং মো.মোখলেস (৪৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে,এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।