প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার অস্থায়ী কোরবানি পশুর হাট ইজারা কার্যক্রমকে কেন্দ্র করে ১৩টি হাটের শিডিউল ফরম বিক্রি সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফতুল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে আগ্রহী ইজারাদার ও সংশ্লিষ্টরা শিডিউল ফরম সংগ্রহ করতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হন। সকাল থেকে শুরু হওয়া শিডিউল বিক্রি কার্যক্রম নির্ধারিত সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৯ মে নির্ধারিত বক্সে শিডিউল জমা গ্রহণ করা হবে এবং দুপুর ২টায় দরপত্র খোলার কার্যক্রম সম্পন্ন হবে। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
শিডিউল বিক্রির সময় সেখানে উপস্থিত ছিলেন মাসুকুল ইসলাম রাজীব, শহিদুল ইসলাম টিটু, রিয়াদ মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির যোবায়ের সর্দার, নিরব রায়হান এবং জাবেদ আলমসহ আরও কয়েকজন।
দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলা কার্যালয়ের পূর্ব পাশের গেটের বাইরে কয়েকজনের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের সরিয়ে দেয়। ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিডিউল বিক্রির কার্যক্রম শেষ হয়।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শিডিউল জমা ও দরপত্র খোলাকে কেন্দ্র করে আগামীকাল উত্তেজনা বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারা নিয়ে প্রতি বছরই ব্যাপক আগ্রহ তৈরি হয়। এবারও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে প্রশাসনের তৎপরতায় এখন পর্যন্ত পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ রয়েছে।