নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের জিমখানা এলাকায় মাদক,ছিনতাই,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগ গ্রহণকে কেন্দ্র করে কথিত সন্ত্রাসীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা অভিযোগ করেন,জিমখানা এলাকায় মাদক, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ গড়ে তুললে আলো, শাহাদাৎ,শাহ্ আলম,আলম, তানভীর, উৎসসহ তাদের সহযোগীরা এলাকাবাসীকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করছে। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা,জিমখানা পঞ্চায়েত কমিটির সভাপতি ফররুখ আহমেদ ফারুক, সেক্রেটারি খোরশেদ আলম,১৫নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। এতে প্রায় ১০০ থেকে ১২০ জন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে জিমখানা এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়ে চলেছে। এসব অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হলে সন্ত্রাসীরা সাধারণ মানুষকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে জিমখানা পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জিমখানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।